থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু পর্যটন এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের আগেই পাথরচূর্ণ সরিয়ে ফেলা হয়েছে। ফলে অভিযান পরিচালনা করেও জড়িত কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন।
গত সোমবার (৯ মার্চ) তিন্দু বাজার এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালায়। তবে স্থানীয় সূত্র জানায়, অভিযানের আগেই পাঁচটি ট্রাকে করে উত্তোলিত পাথর প্রায় দুই কিলোমিটার দূরে ডিম পাহাড়–তিন্দু সড়কের পাশে একটি বাগান এলাকায় মজুত করা হয়। রোববার (১৫ মার্চ) সরেজমিনে গিয়ে ওই স্থানে পাথরের স্তূপ দেখা গেছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, অভিযানের আগেই পাথর সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পাথর জব্দে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, তিন্দু উচ্চবিদ্যালয় ভবন, বৌদ্ধ বিহার এবং বাজারের অবকাঠামো নির্মাণকাজে ব্যবহারের জন্য সাঙ্গু নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এ কাজে স্থানীয় এক যুবলীগ নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
তিন্দু এলাকার বাসিন্দারা জানান, সরকারি উন্নয়ন কাজের খরচ কমাতে ঠিকাদারদের প্রশ্রয়ে স্থানীয়ভাবে পাথর ও বালি উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও পর্যটন এলাকার সৌন্দর্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিন্দু গ্রোপিংপাড়া এলাকার জনপ্রতিনিধি ক্রানি অং মারমা বলেন, বারবার নিষেধ করা সত্ত্বেও পাথর উত্তোলন বন্ধ হয়নি। সংশ্লিষ্টদের আশ্রয়ে এ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছিল।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





