Homeপ্রযুক্তিকর্মশালাদুর্গম ওয়াংরাইপাড়ায় বিজিবির চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ পেলেন ৫০ জন

দুর্গম ওয়াংরাইপাড়ায় বিজিবির চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ পেলেন ৫০ জন

তৌহিদুল ইসলাম,

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ওয়াংরাইপাড়া সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, বান্দরবান সেক্টরের অধীনস্থ এ ব্যাটালিয়ন দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তসীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা প্রদান এবং মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেও কাজ করছে ব্যাটালিয়নটি।

এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ওয়াংরাইপাড়া বিজিবি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় এবং অধিনায়কের দিকনির্দেশনায় মেডিকেল অফিসারের নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে চিকিৎসাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাঁদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে অনেক বাসিন্দার জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া কঠিন। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বিজিবির এ উদ্যোগ স্থানীয় মানুষের জন্য সহায়ক ভূমিকা রেখেছে।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে কাজ করছে তারা।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও ইউনিটের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দুর্গম এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম জনপদের মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি বিজিবির সঙ্গে সীমান্তবাসীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments