
মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত প্রতিরোধের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, রামু
মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ৩ নম্বর কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি স্টেশনে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পুলিশের উদ্যোগে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে টেকনাফ, পেকুয়া, মহেশখালী, উখিয়া ও ঈদগাঁওয়ে র্যালি, সমাবেশ ও পথসভার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে এমন কর্মসূচির ধারাবাহিকতায় গর্জনিয়াতেও পুলিশ ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
দোছড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। রামু প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমান এবং এনসিপির প্রতিনিধি নাহিদুল ইসলাম (আনছার)।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পক্ষে বক্তব্য দেন ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আনিসুর রহমান, এসআই মো. শাহরিয়ার কালাম, এএসআই মোহাম্মদ ইউনুস ও এএসআই টুটুল।
বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদকের বিস্তার পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসা, সেবন ও সরবরাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
সম্প্রতি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচিতে একইভাবে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি দোছড়ি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ যত শক্তিশালী হবে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা তত সহজ হবে। তাই আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক ঐক্যকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।



https://addlinks.pro/yPewm