আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ৩৮টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ২২২ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরের জন্য এসব মাছের পোনা বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ও আলীকদম সদর ইউনিয়নের প্রশাসক মো. সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক পুকুরগুলোতে মাছের পোনা অবমুক্ত ও লালন-পালনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে মাছের স্থানীয় চাহিদা পূরণ, পুষ্টির জোগান এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ ভূমিকা রাখবে।
উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।


