Homeসর্বশেষ খবরঅগ্রায়নে ঝুলে আছে আলীকদম উপজেলায় চৌকি আদালত পুনঃস্থাপনের কার্যক্রম

অগ্রায়নে ঝুলে আছে আলীকদম উপজেলায় চৌকি আদালত পুনঃস্থাপনের কার্যক্রম


বান্দরবান প্রতিনিধি


গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মহিউদ্দিন বন্ধুর আবেদনের প্রেক্ষিতে বান্দরবানের আলীকদম উপজেলায় চৌকি আদালত পুনঃস্থাপনের বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় উপজেলার সাধারণ মানুষ ন্যায়বিচার ও প্রশাসনিক সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিশেষ করে আলীকদম, থানছি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষকে বিভিন্ন প্রশাসনিক ও বিচারিক সেবা নিতে প্রায় ১১৫ কিলোমিটার দূরে বান্দরবান জেলা সদরে যেতে হচ্ছে। দুর্গম পাহাড়ি সড়ক, দীর্ঘ যাত্রাপথ এবং যাতায়াত ব্যয়ের কারণে সাধারণ জনগণকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে, যা জরুরি সেবা গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করছে।
জানা গেছে, সম্প্রতি গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মহিউদ্দিন বন্ধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়ে আলীকদমে দ্রুত চৌকি আদালত পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আলীকদম, থানছি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধ, দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্থানীয়ভাবে আদালত না থাকায় সাধারণ মানুষকে বিচার পেতে দূরবর্তী জেলা সদরে যেতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, আলীকদমে দ্রুত চৌকি আদালত পুনঃস্থাপন করা হলে আলীকদম, থানছি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজারো মানুষের বিচারপ্রাপ্তি সহজ হবে, মামলা নিষ্পত্তির সময় কমবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। একই সঙ্গে দুর্গম ইউনিয়নগুলোর জনগণের আইনি সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চৌকি আদালত পুনঃস্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করা গেলে দ্রুতই কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments