
মেরিনচর পাড়া প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভিশন২৪বাংলা ডেস্ক নিউজ
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত করতে কাজ করছে অস্ট্রিয়াভিত্তিক উন্নয়ন সংস্থা সোনে ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডং। এসব শিক্ষা উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেরিনচর পাড়ায় সোনে মেরিনচর পাড়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কারবারি কেংক ম্রো'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভিশন ২৪ বাংলা এর সম্পাদক ও প্রকাশক মোঃ তৌহিদুল ইসলাম, নয়াপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য সানথি রাণী ত্রিপুরা, সোনে ইন্টারন্যাশনাল আলীকদম ফিল্ড অফিসে সমন্বয়কারী সাবারাং ত্রিপুরা, কালবেলা আলীকদম উপজেলা প্রতিনিধি সুজন চৌধুরী, কারিতাস আলীকদমের প্রকল্প মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মংচাচিং কারবারি।
প্রধান অতিথির বক্তব্যে লিটু চট্টোপাধ্যায় বলেন, দুর্গম পাহাড়ি এলাকার সীমাবদ্ধতা যেন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক থেকে দূরে থাকা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্ট্রিয়াভিত্তিক সোনে ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করছে। আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণেও সংস্থাটির কার্যক্রম রয়েছে। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামভিত্তিক উন্নয়ন সংস্থা তহজিংডং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
পাহাড়ের প্রত্যন্ত পাড়াগুলোতে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, আর্থিক অসচ্ছলতা এবং শিক্ষার পর্যাপ্ত সুযোগের অভাব শিশুদের শিক্ষাজীবনে নানা চ্যালেঞ্জ তৈরি করে। এমন বাস্তবতায় স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের বিদ্যালয়মুখী করা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে বেসরকারি উন্নয়ন সংস্থার শিক্ষা উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। দুর্গম পাহাড়ের প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্থাপকঃ মোহাম্মদ এহসান,..।
Allright Reserve https://vision24bangla.net@2026