Homeসর্বশেষ খবরআলীকদমে দর্শনার্থীদের ভোটে সেরা তিন পূজামণ্ডপকে সম্মাননা দিল ভিশন২৪বাংলা

আলীকদমে দর্শনার্থীদের ভোটে সেরা তিন পূজামণ্ডপকে সম্মাননা দিল ভিশন২৪বাংলা

শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ভিশন২৪বাংলা পরিবার। দর্শনার্থীদের ভোটে উপজেলার পাঁচটি পূজামণ্ডপের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ী তিন মণ্ডপকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি বাকি দুটি পূজামণ্ডপকেও শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

দর্শনার্থীদের ভোটে প্রথম স্থান অর্জন করেছে সার্বজনীন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির। দ্বিতীয় স্থান অধিকার করেছে আলীকদম কেন্দ্রীয় লোকনাথ মন্দির এবং তৃতীয় স্থান অর্জন করেছে নয়াপাড়া বণিকপাড়া সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির।

ভিশন২৪বাংলার এ আয়োজনে সম্পাদক ও প্রকাশক মো. তৌহিদুল ইসলাম, উপদেষ্টা মো. আবুল হাসেম কোম্পানি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিমন এবং ভিশন২৪বাংলা’র নির্বাহী সম্পাদক সুজন চৌধুরী বিজয়ী মন্দিরগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ক্রেস্ট তুলে দেন।

আয়োজক সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে দর্শনার্থীদের ভোটের ভিত্তিতে তিনটি মণ্ডপের স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিনটি মন্দিরকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার পাশাপাশি অন্য দুটি মন্দিরকেও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্য দিয়ে সব পূজামণ্ডপের আয়োজনকে সম্মান জানানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গণমাধ্যমের এমন উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের মতে, উৎসবের আয়োজনকে স্বীকৃতি দেওয়া এবং দর্শনার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার এ উদ্যোগ দুর্গোৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারেও এমন আয়োজন ভূমিকা রাখতে পারে।

ভিশন২৪বাংলা পরিবারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গণমাধ্যমের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

উৎসবের আনন্দ ভাগাভাগি, পূজামণ্ডপের আয়োজনের স্বীকৃতি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ভিশন২৪বাংলার এ ব্যতিক্রমী উদ্যোগ আলীকদমের দুর্গোৎসবে যোগ করেছে নতুন মাত্রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments