সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ .◑ গাছের চারা উপহার ◑ বর্জ্য ব্যবস্থাপনা, ডাস্টবিন, এলাকাভিত্তিক কমিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তাব
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরকে পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশবান্ধব, নান্দনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে ৭ দফা প্রস্তাবনা দিয়েছে গ্রীন পলিসি মুভমেন্ট।
সাক্ষাৎকালে সংগঠনটির সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) এবং চট্টগ্রাম মহানগর কোঅর্ডিনেটর মাহমুদা সুলতানা (আইরিন) নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন নিয়ে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় পরিবেশ ও সবুজায়নের প্রতীক হিসেবে সিটি করপোরেশনের মেয়রের হাতে একটি গাছের চারা উপহার দেওয়া হয়।
গ্রীন পলিসি মুভমেন্টের প্রস্তাবনায় মহানগরের প্রতিটি থানা, গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যিক এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নবিষয়ক বিশেষ কমিটি গঠনের কথা বলা হয়েছে। এসব কমিটি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা পরিস্থিতি তদারকি, সমস্যা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখবে।
প্রস্তাবনায় মহানগরের প্রতিটি দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটের সামনে উপযুক্ত ডাস্টবিন রাখার ব্যবস্থা করার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও বাসাবাড়ির সামনের অংশ, ফুটপাত ও প্রবেশপথ পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যকর তদারকির প্রস্তাব করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা, বর্জ্য পৃথকীকরণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালুর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
মহানগরের জনবহুল এলাকা, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বর্জ্য সংগ্রহ ও দ্রুত অপসারণের ব্যবস্থা আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে প্রতিবছর ‘মডেল থানা’, ‘মডেল এলাকা’, ‘মডেল মার্কেট’, ‘মডেল দোকান’, ‘মডেল বাসাবাড়ি’, ‘মডেল শিক্ষা প্রতিষ্ঠান’ এবং ‘মডেল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান’ নির্বাচন করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও জনসম্পৃক্ত করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব দিয়েছে গ্রীন পলিসি মুভমেন্ট। প্রস্তাবিত প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ছবি ও লোকেশনসহ বর্জ্য জমে থাকা, পরিচ্ছন্নতার প্রয়োজন, সৌন্দর্যবর্ধনের সুযোগ কিংবা বৃক্ষরোপণের সম্ভাব্য স্থান সম্পর্কে তথ্য জানাতে পারবেন।
অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে তা দ্রুত পাঠানো, অবস্থান শনাক্ত করা, দায়িত্বপ্রাপ্ত বিভাগ নির্ধারণ, ব্যবস্থা গ্রহণ এবং কাজের অগ্রগতি নাগরিকদের জানানোর ব্যবস্থাও রাখার প্রস্তাব করা হয়েছে।
গ্রীন পলিসি মুভমেন্টের সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর ও বন্দরনগরী। এ নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিক সমাজ, ব্যবসায়ী, শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, পরিকল্পিত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ, প্রযুক্তির ব্যবহার এবং ব্যাপক সবুজায়নের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগর পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
চট্টগ্রাম মহানগর কোঅর্ডিনেটর মাহমুদা সুলতানা (আইরিন) বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়ন শুধু সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সামাজিক দায়িত্ব। এলাকাভিত্তিক কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করা গেলে এসব উদ্যোগ আরও কার্যকর হবে।
গ্রীন পলিসি মুভমেন্টের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম মহানগরের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম আরও সমন্বিত ও জনসম্পৃক্ত হবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও নাগরিকবান্ধব চট্টগ্রাম গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।



https://addlinks.pro/5PScW