রশিদ আহমদ আহ্বায়ক, রাব্বি সদস্য সচিব এবং হাবিব উল্লাহ সাংগঠনিক
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী ও সদস্য সচিব গোলাম মোস্তফা মাসুদ এই কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত আহ্বায়ক কমিটিতে রশিদ আহমদকে আহ্বায়ক, আলী হায়দার রাব্বিকে সদস্য সচিব এবং মোহাম্মদ হাবীব উল্লাহকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন নেতাকর্মীদের সম্পৃক্ত করা এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত কমিটির নেতারা জানান, আলীকদমের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে আরও গতিশীল করাই তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো জানা এবং জনগণের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চল হিসেবে আলীকদমের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা এবং সংগঠনের কার্যক্রম ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নির্দেশনা অনুসরণ করে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তারা।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আলীকদম উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
দলীয় নেতারা মনে করছেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে আলীকদমে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।


