বান্দরবান থানচিতে জুমচাষের সময় আকস্মিক আক্রমণ, মেয়েকে উন্নত চিকিৎসায় বান্দরবান সদর হাসপাতালে
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় জুমবাগানে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে একই পরিবারের বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে থানচি সদর ইউনিয়নের নিলট ম্রোপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন – নিলট ম্রোপাড়ার বাসিন্দা দালু ম্রো (৪৫) ও তাঁর ১৩ বছর বয়সী মেয়ে সংতান ম্রো। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দালু ম্রো জুমবাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য শুকর তাঁদের ওপর আক্রমণ চালায়।আকস্মিক এ হামলায় দালু ম্রো ও তাঁর মেয়ে সংতান ম্রো রক্তাক্ত ও গুরুতর আহত হন। তাদের মধ্যে সংতান ম্রোর আঘাত বেশি গুরুতর বলে স্থানীয়ভাবে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত বাবা-মেয়েকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাসিব বলেন, বন্য শুকরের কামড়ে আহত দুজনকে বিকেল ৫টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে দুজনকেই বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
পার্বত্য এলাকার জুমচাষিরা প্রায়ই দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে বন্যপ্রাণীর মুখোমুখি হন। এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


