রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানে রাতের আঁধারে সড়কের পাশে রাখা একটি ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভোর রাতে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামদু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম রাঙামাটি সড়কে এই নাশকতার ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর রাতে একটি ট্রাকে (চট্ট-মেট্রো ড-১১-০১৭৭) অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কের পাশে ট্রাকটি দাঁড় করানো ছিল। রাত আড়াইটার দিকে ট্রাকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে, তা ওই সময় কেউ দেখতে পাননি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। এদিকে, ট্রাকে অগ্নিসংযোগের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা। তারা এই নাশকতার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্যদের দায়ী করছেন। বিএনপি নেতাদের দাবি, সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এই নাশকতা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন। উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। আমরা চাই প্রশাসন জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনিসুর জামান সোহেল বলেন, রাতে আওয়ামীলীগের দুষ্কৃতিকারীরা সড়কের পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য এই অপ তৎপরতা চালানো হচ্ছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।


