আলীকদম সংবাদদাতা
বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্তবর্তী এলাকায় ডায়রিয়ায় আক্রান্তদের জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহে এগিয়ে এসেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এ সময় ডায়রিয়ায় আক্রান্ত এক নারীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
৫৭ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ভোর আনুমানিক ৬টার দিকে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত থুই মা চিং মামা (৪২) মারা যান। তিনি থানচি উপজেলার ভিতরপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি সরেজমিনে যাচাই এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে মদক বিওপি থেকে একজন মেডিকেল সহকারী, প্রয়োজনীয় ওষুধসামগ্রী ও টহলদল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত আরও কয়েকজন রোগীকে শনাক্ত করে তাদের চিকিৎসা দেওয়া শুরু করা হয়। আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে দুর্গম এলাকার স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৫৭ বিজিবির মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ আরও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
৫৭ বিজিবি জানিয়েছে, দুর্গম সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা এবং স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী।


