

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তার মাধ্যমে আলীকদমের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন ৫৭ বিজিবির উদ্যোগে আলীকদমের বিভিন্ন দুর্গম এলাকার অসহায় মানুষের মধ্যে এসব সহায়তা দেওয়া হয়েছে। শুধু সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব সীমাবদ্ধ না রেখে জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে বাহিনীটি এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কচুরঝিড়ি জশিরাম কার্বারী পাড়া স্কুলে সিমেন্ট সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে লক্ষ্যে তাদের স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে টিন সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকা পুনরুদ্ধার ও তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
শুধু জরুরি সহায়তা নয়, অসহায় মানুষের দীর্ঘমেয়াদি স্বাবলম্বিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে ৫৭ বিজিবির এ কার্যক্রমে। একটি অসহায় পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ তৈরির লক্ষ্যে দেওয়া হয়েছে সেলাই মেশিন। আর চলাচলে সমস্যায় থাকা এক বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিকে দেওয়া হয়েছে হুইলচেয়ার।
এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
৫৭ বিজিবির এ উদ্যোগে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের সঙ্গে বাহিনীর জনসম্পৃক্ততার বিষয়টিও সামনে এসেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বিজিবি।
আলীকদমের দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, ওয়েবসাইট ব্যবস্মোথাপকঃ হাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- মনজুর আলম ভুলু মার্কেট (২য় তলা), পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026