টি আই মাহামুদ
টানা ভারী বর্ষণের ফলে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে সড়ক যোগাযোগ আংশিকভাবে ব্যাহত হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ জুলাই) দিনভর ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে মাটি ধসে সড়কের ওপর পড়ে যায়। পাশাপাশি উপড়ে পড়া গাছ ও মাটির স্তূপে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা দেখা দেয়।
ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পাড়াবাসীদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত সড়ক থেকে মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শুরু করেন। নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে তারা নিরলসভাবে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়া বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৭ ইসিবি ব্যাটালিয়নও সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে ২৩ কিলোমিটার এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যানবাহন চলাচল নিশ্চিত করা হচ্ছে, যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে থানচির পাহাড়ি এলাকায় ভূমিধস একটি নিয়মিত ঝুঁকি। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও কার্যকর উদ্যোগের ফলে বড় ধরনের দুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা পাহাড়ি এলাকায় ভ্রমণকারী ও যানবাহনের চালকদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ পথে চলাচল না করার এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন।





