
টি আই মাহামুদ
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বান্দরবান-৩০০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বন্যার কারণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েক দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় কার্যত বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগও ব্যাহত হয়। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
শনিবার বন্যাকবলিত আলীকদমে পৌঁছে সংসদ সদস্য সাচিং প্রু জেরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বন্যার সার্বিক পরিস্থিতি, ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র, ত্রাণ কার্যক্রম, দুর্গত মানুষের নিরাপত্তা এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের পাশে সার্বক্ষণিক সহযোগিতার কথা জানান এবং ত্রাণ কার্যক্রমে সমন্বয় করেন।
পরে সংসদ সদস্য উপজেলার চৈক্ষ্যং, আলীকদম সদর ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এর আগে আলীকদমে আসার পূর্বে তিনি লামা উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে গত কয়েক দিন আলীকদম উপজেলার অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। ফলে জরুরি সেবা গ্রহণ, স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং ত্রাণ সমন্বয়েও চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। পানি কিছুটা কমতে শুরু করলেও অনেক এলাকায় এখনো দুর্ভোগ পুরোপুরি কাটেনি।
প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026