
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা:
বান্দরবানের আলীকদম উপজেলার একটি গ্রামীণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে সড়কের ওপর ধানের চারা রোপণ করে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়া থেকে পাহাড়তলী পাড়া মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের ভাষ্য, সামান্য বৃষ্টিতেই সড়কটি হাঁটুসমান কাদায় তলিয়ে যায়। এতে শতাধিক পরিবারের সদস্যরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. সুলতান বলেন, "বছরের পর বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে কষ্ট করে চলাচল করছি। বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। শিশুদের স্কুলে পাঠাতে ভয় লাগে। অনেকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি।"
আরেক ভুক্তভোগী ফাতেমা খাতুন বলেন, "গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটি রিকশাও এই রাস্তা দিয়ে চলতে পারে না।"
শিক্ষার্থী মো. সিয়াম জানায়, "প্রতিদিন স্কুলে যেতে কাদার মধ্যে হেঁটে যেতে হয়। অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে।"
এলাকার প্রবীণ বাসিন্দা আবু ছৈয়দ বলেন, "কয়েক বছর আগে নামমাত্র ব্রিক সলিং করা হয়েছিল। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় অল্প সময়েই ইট মাটির নিচে চাপা পড়ে যায়। এরপর আর কেউ খোঁজ নেয়নি।"
দীর্ঘদিনের এই দুর্ভোগের প্রতীকী প্রতিবাদ হিসেবে স্থানীয় বাসিন্দারা সড়কের কাদামাখা অংশে ধানের চারা রোপণ করেন। তারা বলেন, কৃষিজমির মতো হয়ে যাওয়া এই সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026