Homeরাজনীতিচার দশকের সিইউএফএলে নতুন উদ্যোগ, মিলবে সার্বক্ষণিক গ্যাস - শিল্পমন্ত্রী মুক্তাদির

চার দশকের সিইউএফএলে নতুন উদ্যোগ, মিলবে সার্বক্ষণিক গ্যাস – শিল্পমন্ত্রী মুক্তাদির

শেখ আব্দুল্লাহ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরোনো এই কারখানাটির উৎপাদনক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (২২ জুন) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সিইউএফএল ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বিদ্যমান সার কারখানাগুলোর মধ্যে কাফকো ছাড়া অন্য কোনো কারখানা সারা বছর চালু রাখা সম্ভব হয় না। গ্যাস সংকটের কারণে প্রায়ই উৎপাদনে বিঘ্ন ঘটে। গ্যাস বণ্টনের ক্ষেত্রে বিদ্যুৎ খাত সর্বোচ্চ অগ্রাধিকার পায়, এরপর শিল্প খাত এবং সর্বশেষে সার কারখানা।

তিনি আরও বলেন, প্রায় চার দশক পুরোনো সিইউএফএলের উৎপাদন বর্তমানে স্থাপিত সক্ষমতার তুলনায় অনেক কম। কারখানাটি তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কম হচ্ছে। এ পরিস্থিতি উন্নয়নে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটিকে পূর্ণ সক্ষমতায় চালু করতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিরূপণে একটি বিশেষজ্ঞ দল প্রাথমিক পরিদর্শন করছে।

পরিদর্শনের সময় মন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় সিইউএফএল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments