Homeপ্রযুক্তিকর্মশালাআলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন পেলেন...

আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ২৭৬ জন পেলেন চিকিৎসা সেবা

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ওয়ারাইঝাঁপড়া এবং লিকড়ী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তার মাধ্যমে বিজিবি স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়েছে।

ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনা ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অংশ নেন। ওয়ারাইঝাঁপড়া ও লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ত্রিমোহনীপাড়া, সাইন্দে কারবারীপাড়া, রাইং কারবারীপাড়া, হারিছ কারবারীপাড়া, ত্রিপুরাপাড়া, ম্রো পাড়া ও মুন পাড়ার বাসিন্দারা চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭৬ জনের অধিক চিকিৎসাবঞ্চিত ব্যক্তি বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ পান। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার দাবি জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সীমান্তবর্তী অন্যান্য দুর্গম এলাকাতেও একই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। মানবিক ও জনকল্যাণমূলক এ কার্যক্রম পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

এসময় বিজিবির সদস্যবৃন্দ, স্থানীয় কারবারি, হেডম্যান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় জনগণ আন্তরিক সহযোগিতা প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments