Homeপ্রযুক্তিকর্মশালাআলীকদম সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৭৬ জন রোগীর চিকিৎসাসেবা

আলীকদম সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৭৬ জন রোগীর চিকিৎসাসেবা

আলীকদম (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবানের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুরুকপাতা মৈত্রী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আলীকদম জোন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীরা দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় জনগণের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। সেবা গ্রহণকারীদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ৬৭ জন নারী এবং ৭৬ জন শিশু ছিলেন।

দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম জোন নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

এ বিষয়ে আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম জোন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা অত্যন্ত উপকারী এবং জনকল্যাণে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments