
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা উপজেলার চাতরী আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্ভাব্য চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. নুরুল কবির রানা’র ব্যতিক্রমী আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীত, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফাইনাল ম্যাচে চাতরী ৪নং ওয়ার্ড বনাম মহতর পাড়া ১নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে চাতরী ৪নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচ দেখতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক অংশ নেন। এদিকে ম্যাচ শুরুর একটু পর বৃষ্টি শুরু হলেও দর্শকদের মধ্যে কেউ ছাতা নিয়ে আর কেউ বৃষ্টিতে ভিজে খেলা উপভোগ করতে দেখা যায়। এ যেন ৯০ দশকের হারানো ঐতিহ্যে ফিরে যায় বর্তমান তরুণ প্রজন্ম।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা স্মারক, সেরা খেলোয়াড়, গোলদাতাকে ম্যান অব দ্যা ম্যাচ এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, প্রধান আকর্ষন ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আতিকুর রহমান ফাহাদ৷ উদ্বোধক ছিলেন ইন্জিনিয়ার ইমন দত্ত, অতিথি ছিলেন জাগির হোসেন। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ক্রীড়াবিদ সোহেল আরমান৷
অনুষ্ঠানে অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং যুবসমাজকে সুস্থ ধারায় পরিচালিত করে।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।





