
সানজিদা আক্তার রুনা , নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আলোচিত ব্যবসায়ী মো. আজিজুল হক প্রকাশ আজিজ খলিফা হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ও মূল পরিকল্পনাকারী উদয়ন ধর (৪০)-কে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের গহীন জঙ্গল থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ জুন) রাত ১০টা ১০ মিনিটে র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-৭, চট্টগ্রাম (সিপিসি-৩)-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২০ মে পাওনা ৬ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে উত্তর বাইশারী বাজারে উদয়ন ধরের কাপড়ের দোকানে যান ব্যবসায়ী আজিজ খলিফা (৫৩)। সেখানে টাকা পরিশোধ না করে কৌশলে তাকে কক্সবাজারের সিআইসি হাসপাতালে পরিচিত এক চিকিৎসকের কাছে পাঠানো হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
নির্যাতনের মধ্যেও ভুক্তভোগী সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ইমো অ্যাপের মাধ্যমে এক সাক্ষীর মোবাইলে ভয়েস মেসেজ পাঠাতে সক্ষম হন। পরে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ঈদগাহ থানার কালিরছড়া রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে আইসিইউ সংকটের কারণে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার বেবী ২৫ মে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি উদয়ন ধর আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৫-এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, উদয়ন ধর সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম জঙ্গলে অবস্থান করছে। পরে র্যাব-১৫ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উদয়ন ধর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী ৭নং ওয়ার্ডের কাংগাইশিয়া এলাকার মৃত বজেন্দ্র ধরের ছেলে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।
সম্পাদকঃ মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রায়হান, বার্তা সম্পাদকঃ সুজন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট মোহাম্মদ এহসান,...উপদেষ্টা মন্ডলীঃ - ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, শাহ আলম সাগর, মোঃ আবুল হাসেম (কোম্পানি)।কার্যালয় ঠিকানা:- এটিসি ভবন, পান বাজার, আলীকদম, বান্দরবান। যোগাযোগ:-সম্পাদক +88 01616885650, ক্রাইম রিপোর্ট :- +88 01886-293719, বিজ্ঞাপন :- +88 01812-503067,e-mail: www.vision24bangla.net website: support@vision24bangla.netu
Allright Reserve https://vision24bangla.net@2026