Homeঅপরাধ ও আইনআতঙ্কের রাজত্বে ইতি? বন্দরে র‍্যাবের অভিযানে ধরা ‘ক্যাডার সোহেল’

আতঙ্কের রাজত্বে ইতি? বন্দরে র‍্যাবের অভিযানে ধরা ‘ক্যাডার সোহেল’

মোঃ রাসেল

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও জমি দখলসহ অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, সোহেল বাহিনীর নিয়ন্ত্রণে বন্দর ও মদনপুর এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল কেনাবেচা চলত বলে অভিযোগ রয়েছে।

এছাড়া শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায়, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা গ্রহণ এবং সাধারণ মানুষের জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সোহেল বাহিনী প্রভাব বিস্তার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নতুন ভবন নির্মাণ, ব্যবসা পরিচালনা এবং নদীপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে তার সহযোগীরা জোরপূর্বক চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসা বা নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটত।

শনিবার (৯ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা উজ্জল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার বলেন, “শীর্ষ সন্ত্রাসী সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তার সোহেলকে আইনগত প্রক্রিয়া শেষে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments