আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২৬৪টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে বৈরাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অস্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবরাজ চক্রবর্তী, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুতাসির জাহিন, মেডিক্যাল অফিসার (এমসিএইচ) ডা. শাহেদা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নূর বেগম, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং ইপিআই কর্মসূচির এমটি মোহাম্মদ এনামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আনোয়ারার ১১টি ইউনিয়নে একযোগে পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৩৬ হাজার ৯৯০ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দীন চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে দেশে হাম-রুবেলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাঁচ বছরের নিচের সব শিশুকে টিকার আওতায় আনতে সরকার এ বিশেষ উদ্যোগ নিয়েছে। আনোয়ারায় শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।





