
সুজন চৌধুরী
বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহা সাংগ্রাইন উৎসবের শেষ দিন পালিত হয়েছে। দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানা কর্মসূচির মাধ্যমে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
শেষ দিনের প্রধান আকর্ষণ ছিল বৌদ্ধ মূর্তি স্নান, অষ্টশীল গ্রহণ, বৌদ্ধ বন্দনা এবং মন্দির প্রদক্ষিণ। ভোর থেকেই বিভিন্ন পাড়া ও বিহারে ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তি ও মঙ্গল কামনায় তারা প্রার্থনা করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করেন, যা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মংচাপাড়ার বাসিন্দা মংচাথুই মারমা বলেন, আমরা এখানে মোট ৪ টি পাড়া থেকে এসে একত্রিত হয়েছি। আজ বৌদ্ধ মূর্তি স্নান মধ্য দিয়ে আগামী কাল থেকে আমাদের জল কেলি উৎসব অনুষ্ঠিত হবে।
এদিকে, মহা সাংগ্রাইন উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও আগামীকাল থেকে আলীকদমের প্রত্যেক পাড়ায় শুরু হবে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। এতে অংশ নিতে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে এবং শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।





