বান্দরবান প্রতিনিধি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকার অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সোনাইছড়ি বৈক্ষমঝিরির মুখ থেকে সোনাইছড়ি পাড়া অভিমুখে একটি ব্রীক সলিং সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, প্রকল্প সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজাহান সিরাজের তত্ত্বাবধানে নির্মিত সড়কটিতে নির্ধারিত মান অনুযায়ী কাজ করা হয়নি। সড়ক নির্মাণে প্রয়োজনীয় বক্স নির্মাণ করা হয়নি, ইটের নিচে বালির স্তর দেওয়া হয়নি এবং নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সড়কের উপরিভাগে বালির পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহার করা হয়েছে। এমনকি মাঝখানে একটি ভাঙা বক্স কালভার্টের উপর দিয়েই সড়কটি নির্মাণ করা হয়েছে, যা স্থানীয়দের মতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্পটির মোট বাজেট ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা। তবে কাজের মান অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে দেড় লাখ টাকার বেশি ব্যয় হয়নি বলে তাদের ধারণা। কাজের মান নিম্নমানের হওয়ায় এলাকাবাসী বাধা দিলে প্রকল্প সভাপতি শাহজাহান সিরাজ ও তার সঙ্গে থাকা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয় বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, “এমন নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণ করা হবে না। কাজটি শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।”
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনজুর আলম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সড়কটি নতুনভাবে নির্মাণ করার নির্দেশ দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।






